❐ নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বাড়ানোর কারণে বিরোধী দল (জামায়াত-এনসিপি) চরমভাবে নাখোশ হয়ে মিছিল-সমাবেশ করছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানো হয়েছে, সেই বিষয়টি তারা কোথাও উল্লেখ করছে না। এতে স্পষ্ট বোঝা যায়, সাধারণ মানুষ নয়, বিশেষ কিছু শ্রেণির স্বার্থই তাদের কাছে অগ্রাধিকার।
আজ ১৩ই জুন, শনিবার কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় সরকার কান দিচ্ছে না। সাধারণ জনগণের স্বার্থরক্ষা করা এবং প্রত্যন্ত অঞ্চলের সব জমিকে আবাদযোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, বিএনপি আমজনতার দল — সাধারণ মানুষের উন্নয়নে কাজ করায় বিশ্বাসী। দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে কৃষক ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
দরিদ্র কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। দেশের মানুষকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অর্ধশতাব্দী আগে জিয়াউর রহমান পাতলী খাল খনন করে এই অঞ্চলের চাষাবাদ বাড়িয়েছিলেন। কালক্রমে খালটি নাব্যতা হারানোর পাশাপাশি বেদখল হয়ে পড়ে। এখন পুনঃখনন হচ্ছে, ফলে আবারও আগের মতো আবাদের সুযোগ ফিরে আসবে।
তিনি আরও বলেন, এভাবে সারা বাংলাদেশে ৪০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে চাষাবাদের সহজলভ্যতা বাড়বে। কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে, আর দেশ লাভবান হলেই স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রমুখ।
