ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফা ও জির চুক্তি

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফা ও জির চুক্তি
শেয়ার করুন

ভারতে ২০২৬ সালের বিশ্বকাপ দেখানোর জন্য ফিফা দেশটির জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে ভারতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তার অবসান হলো।

চুক্তিটি কত টাকায় হয়েছে, তা জানানো হয়নি। তবে রয়টার্স এর আগে জানিয়েছিল, ফিফা প্রথমে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ মিলিয়ে ভারতের বাজারের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল। পরে সেই দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলার করা হয়।

এই চুক্তির মাধ্যমে ভারতের খেলাধুলার সম্প্রচার বাজারে জি নিজেদের জায়গা করে নিল। এই বাজারে বর্তমানে রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগের ‘জিওস্টার’-এর একচ্ছত্র দাপট রয়েছে। তাদের কাছে আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় বড় টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব আছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। খেলা শুরু হওয়ার ঠিক ১০ দিন আগে এই চুক্তি সম্পন্ন হলো। এই ঘোষণার পর জির শেয়ারের দাম প্রায় ৭% বেড়েছে।

**সময়ের ব্যবধান**
ধনকুবের মুকেশ আম্বানির জিওস্টার (যারা আগে ভায়াকম১৮-এর মাধ্যমে ২০২২ বিশ্বকাপ দেখিয়েছিল) এবার স্বত্ব কেনার জন্য ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ফিফা তা গ্রহণ করেনি। অন্যদিকে, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ দেখানো সোনি কেবল আলোচনা করলেও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
২০২২ সালের কাতার বিশ্বকাপ দেখানোর জন্য ভায়াকম১৮ প্রায় ৬০ মিলিয়ন ডলার দিয়েছিল। কাতারের সময়ের সঙ্গে ভারতের সময়ের মিল থাকায় সেটি দর্শকদের জন্য বেশ সুবিধাজনক ছিল। তবে এবারের বেশির ভাগ ম্যাচ ভারতের সময়ে গভীর রাতে সম্প্রচার করা হবে। সময়ের এই বড় পার্থক্যের কারণেই টিভি চ্যানেলগুলোর আগ্রহ কম ছিল এবং ফিফাকেও স্বত্ব বিক্রি করতে বেশ বেগ পেতে হয়েছে।

ফিফা ও জির যৌথ বিবৃতি অনুযায়ী, সোমবারের এই চুক্তিটি আগামী আট বছরের জন্য (২০৩৪ সাল পর্যন্ত) কার্যকর থাকবে। এর আওতায় ২০২৭ সালের নারী বিশ্বকাপসহ ফিফার মোট ৩৯টি টুর্নামেন্ট সম্প্রচার করা হবে।

Visited 4 times, 1 visit(s) today