উগ্রবাদীদের হুমকিতে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন, যোগ দিচ্ছেন রুমিন ফারহানা

উগ্রবাদীদের হুমকিতে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন, যোগ দিচ্ছেন রুমিন ফারহানা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ এবং হুমকির প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আজ ১লা জুন, সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে এই মানববন্ধ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি মানববন্ধনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।

বিকেল ৪টা ১৫ মিনিট সরাইলের শাহবাজপুর ইউনিয়নে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিল গত শনিবার। তবে এক পর্যায়ে আয়োজক কর্তৃপক্ষ জানায়, তারা আপাতত প্রদর্শনী স্থগিত করেছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজনের ঘোষণা দেওয়ার পর গত বৃহস্পতিবার ও শুক্রবার জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদ নামের একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন। তারা বিভিন্ন স্থানে লাগানো চলচ্চিত্রটির পোস্টারে কালি লেপে দেন।

এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে নানা পোস্ট করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যদি কোনো সিনেমা হল সচল থাকে, সিনেমা প্রদর্শনী হয়, চলচ্চিত্র বিষয়ক কার্যক্রম চালানো হয়, তবে এর ফলাফল ভালো হবে না, সিনেমা হল গুঁড়িয়ে দেওয়া হবে বলে উগ্রবাদীরা হুমকি দেন।

এসব ঘটনায় উদ্বেগ দেখা দিলে নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনী স্থগিত করে আয়োজক কর্তৃপক্ষ।

Visited 8 times, 1 visit(s) today