গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে ডাকসুতে ছাত্রলীগের ৬ দফা দাবিতে মৌন মানববন্ধন

গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে ডাকসুতে ছাত্রলীগের ৬ দফা দাবিতে মৌন মানববন্ধন
শেয়ার করুন

নিজেদের নয়, দেশের মানুষের দাবি নিয়ে ঢাবি’তে ৬ ছাত্র

বিশেষ প্রতিবেদক

গ্রেফতারের আতঙ্ককে পেছনে ফেলে শুধু নিজেদের ছাত্রত্ব ফিরে পাওয়ার দাবিতে নয়, বরং দেশের সকল বহিষ্কৃত শিক্ষার্থী এবং জনমানুষের জীবনসংকটের বিভিন্ন দিক তুলে ধরে প্রতীকী মৌন প্রতিবাদ জানাল বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৬ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়।

যা দাবি করা হলো

কর্মসূচিতে উপস্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে — সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের বিরুদ্ধে ‘শোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি প্রদান।

এছাড়াও দাবিতে উঠে আসে — হামের টিকার অর্থ আত্মসাৎ করে পরিকল্পিতভাবে শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি কার্যকর করা; নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু নির্যাতনকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; কোটা আন্দোলনের আড়ালে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করা; এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মব তৈরি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় এনে শিক্ষকের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।

প্রতিবাদের তাৎপর্য

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন ছাত্রলীগ কর্মীদের গ্রেফতারের ঘটনা অব্যাহত রয়েছে, তখন এই ক্ষুদ্র কিন্তু সাহসী কর্মসূচিকে সংগঠনটির নেতাকর্মীরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। অংশগ্রহণকারীরা জানান, কেবল সংগঠনের স্বার্থে নয়, দেশের সাধারণ মানুষের ন্যায্য দাবি তুলে ধরতেই তারা আজ রাজপথে নেমেছেন।

Visited 3 times, 1 visit(s) today