❐ জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ২৪শে মে, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম তরিকুল ইসলাম, বয়স ২০ বছর। তিনি ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০শে মে দুপুরে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তার ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার সঙ্গে যোগ দেয়। এরপর মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক হঠাৎ বৃদ্ধাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়েন।
অভিযোগ রয়েছে, ঘটনাটি আইনি পথে না গিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
রোববার, ২৪শে মে রাতে ভুক্তভোগী বৃদ্ধা নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে রাতেই গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ইব্রাহিমপুর এলাকার একটি মাঠে নিয়ে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।”
