চাঁদা না পেয়ে রেলের সংস্কার কাজ বন্ধ করে দিলেন এমপি চাঁদ!

চাঁদা না পেয়ে রেলের সংস্কার কাজ বন্ধ করে দিলেন এমপি চাঁদ!
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশনে তিন কোটি টাকার সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ-সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীদের কাজের ‘ভাগ’ না দেওয়ায় এমপির নির্দেশে শনিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। এতে আসন্ন ঈদে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

পশ্চিম রেলওয়ের রাজশাহী-পাকশী সেকশানের আড়ানী স্টেশনের এক নম্বর লাইনের ৬৩০ মিটার রেল ট্র্যাক সংস্কারের কাজ যৌথভাবে পান ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন। গত ২৭ এপ্রিল কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস কনস্ট্রাকশন’-এর স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই স্থানীয় বিএনপি ও যুবদলের কতিপয় নেতা সাইট ম্যানেজার ডাবলুর কাছে কাজের ভাগ দাবি করে আসছিলেন। তারা নিজেরা স্লিপার ও পাথর সরবরাহ করার জন্য চাপ দেন, যা ইতিমধ্যে ঠিকাদার কিনে ফেলেছিলেন।

ঠিকাদার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার রাতে আবু সাঈদ চাঁদ ট্রেনযোগে ঢাকা যাওয়ার পথে রাত পৌনে ১২টার দিকে আড়ানী স্টেশনে নামেন। সেখানে তিনি সাইট ম্যানেজার ডাবলুকে ডেকে সরাসরি কাজ বন্ধের নির্দেশ দেন। ঠিকাদারের ভাষ্যমতে, এমপি বলেন “এখন থেকে কাজ বন্ধ থাকবে। আমি বলে গেলাম। আমি বলার পর কাজ শুরু করবা।”

ঠিকাদার আরও বলেন, “এমপি সাহেব কাজ বন্ধ করতে বলে গেছেন। কার ঘাড়ে কয়টা মাথা আছে বলেন? তাই ম্যানেজারকে কাজ বন্ধ রাখতে বলেছি।”

এ বিষয়ে সংসদ-সদস্য আবু সাঈদ চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “কাজ বন্ধের কোনো নির্দেশ দেইনি। আমি শুধু বলেছি কাজ যেন মানসম্মত হয় এবং কোনো অনিয়ম না হয়। শুনেছি আজ (শনিবার) বিকেল থেকে আবার কাজ শুরু হয়েছে।”

এমপির ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন জানান, এমপি বড় কাজে এলাকার ছেলেদের সুযোগ দেওয়ার কথা বলেছেন ঠিকই, তবে কাজ বন্ধ করতে বলেছেন বলে তার মনে পড়ছে না।

এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, “ঈদের আগে রেল লাইন তুলে ফেলে রাখা অনেক বড় সমস্যা। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

সংস্কার কাজ বন্ধ থাকায় আড়ানী স্টেশনের এক নম্বর লাইনে বর্তমানে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Visited 14 times, 1 visit(s) today