অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ

অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশ নির্মাণকাজ চীনের তিনটি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে।

উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)-এ পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল ২৯শে জুলাই, বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আলোচ্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত ছিল।

তবে বৈঠকে আলোচনার আগেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উড়াল অংশ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৭১ কোটি টাকা।

এ বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন চাওয়া হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর উপস্থাপন করা হয়নি।

প্রস্তাব প্রত্যাহারের কারণ সম্পর্কে বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, প্রস্তাবের কারিগরি বা প্রক্রিয়াগত কোনো ত্রুটি ছিল না। মূল সমস্যা হলো, প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান ডিপিপিতে প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই। অর্থের ঘাটতির কারণেই আপাতত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অর্থের সংস্থান নিশ্চিত হলে এবং পরিস্থিতি অনুকূলে এলে প্রস্তাবটি পুনরায় উত্থাপন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সময়ে সরকারের আর্থিক সক্ষমতা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Visited 4 times, 1 visit(s) today