❐ জেলা প্রতিনিধি
ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছেন বিএনপির এক কর্মী। ধর্ষণের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনেরও অভিযোগ করা হয়েছে।
৪৩ বছর বয়সী নির্যাতিত নারী এ ঘটনায় কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা করায় অভিযুক্ত বিএনপির কর্মী ওই নারী ও তার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর পৌর এলাকার ওই নারী প্রায় এক দশক আগে স্বামী হারানোর পর একমাত্র সন্তানকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও তিনি কখনো সরকারি সহায়তা পাননি। এই সুযোগ কাজে লাগিয়ে ইউনিয়ন বিএনপির কর্মী প্রতিবেশী সুজন শেখ (৩৫) তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার তালিকায় নাম তোলার আশ্বাস দিয়ে তার সঙ্গে যোগাযোগ বাড়ান। নানা প্রলোভন দেখান।
গত ২রা এপ্রিল, বৃহস্পতিবার সকালে কার্ড করার কথা বলে সুজন ওই নারীকে রিকশায় করে শহরের দিকে নিয়ে যান। পরে গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স্থানে নামিয়ে পায়ে হেঁটে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ‘অফিস’ দেখানোর কথা বলে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর ওই নারী অসুস্থ হয়ে পড়লে স্বজনদের সহায়তায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফেরেন।
হাসপাতালের ছাড়পত্রে যৌন সহিংসতার বিষয়টি উল্লেখ রয়েছে। পরে ৬ই এপ্রিল, মঙ্গলবার তিনি থানায় মামলা করেন।
নির্যাতিত এই নারী বলেন, আমি পরের বাড়ি কাজ করে সন্তানকে নিয়ে দিনযাপন করি। আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
