জ্বালানির সংকট অস্বীকার জ্বালানিমন্ত্রীর অথচ সংকট মোকাবেলার নামে শিক্ষামন্ত্রীর অনলাইন ক্লাস চালু!

জ্বালানির সংকট অস্বীকার জ্বালানিমন্ত্রীর অথচ সংকট মোকাবেলার নামে শিক্ষামন্ত্রীর অনলাইন ক্লাস চালু!
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৯ এপ্রিল: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে দেশে জ্বালানি সংকটের অস্তিত্ব অস্বীকার করলেও, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্কুলে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত সরকারের অভ্যন্তরীণ স্বীকৃতি দিয়েছে যে, বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

 

শিক্ষামন্ত্রী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকাসহ সব মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রেখে তার মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) পাঠদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন, আর শিক্ষার্থীরা বাড়ি থেকে যুক্ত হবে। এই হাইব্রিড মডেলের উদ্দেশ্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা।

অথচ গত ৩০ মার্চ সংসদে জ্বালানি মন্ত্রী টুকু স্পষ্টভাবে বলেছেন,

“দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই; চাহিদার চেয়ে সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত রয়েছে।”

তিনি অতিরিক্ত মজুত প্রবণতাকেই জনমনে আতঙ্কের কারণ হিসেবে উল্লেখ করেন।

 

এই দুই মন্ত্রীর বক্তব্যের মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখে অভিভাবক, শিক্ষাবিদ ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—সরকার কি জ্বালানি সংকট লুকিয়ে রাখতে চাইছে? শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে অনেকে “জ্বালানি সংকটের অঘোষিত স্বীকৃতি” বলে অভিহিত করেছেন।

 

সোশ্যাল মিডিয়া ও অভিভাবকদের প্রতিক্রিয়া:

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকে লিখেছেন, “জ্বালানি মন্ত্রী বলছেন সংকট নেই, আর শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ করে অনলাইনে ঠেলে দিচ্ছেন—এটা কোন যুক্তি?”

অভিভাবকদের একাংশ বলছেন, “অনলাইন ক্লাস মানে প্রত্যেক বাড়িতে আলাদা বিদ্যুৎ খরচ, ফ্যান-ল্যাপটপ-ইন্টারনেট চলবে। স্কুলে ৫০ জন শিক্ষার্থীর জন্য কয়েকটা ফ্যান চলে, অনলাইনে সেটা বহুগুণ বেড়ে যায়। আসলে সাশ্রয় হচ্ছে না, বরং শিক্ষার্থীদের ওপর চাপ বাড়ছে।”

 

অন্যদিকে কেউ কেউ সিদ্ধান্তকে সমর্থন করে বলছেন, “জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে এটা প্রয়োজনীয়। করোনাকালে অনলাইন চলেছে, আবার চলবে।”

“তাহলে কি করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে পৌঁছেছে জ্বালানী সংকট?” এমন আতংকের সৃষ্টি হয়েছে জনমনে।

শিক্ষাবিদরা সতর্ক করে বলেছেন, হঠাৎ এই পরিবর্তনে পাঠদানের ধারাবাহিকতা নষ্ট হবে। দুর্বল শিক্ষার্থী, গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা ইন্টারনেট-ডিভাইসের অভাবে আরও পিছিয়ে পড়বে। করোনা মহামারির সময় অনলাইন শিক্ষার নেতিবাচক প্রভাব এখনও পুরোপুরি কাটেনি।

রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, “জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাকে বলির পাঁঠা করা হচ্ছে। অন্য খাতে বিলাসিতা অটুট রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক।”

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে। তবে সোশ্যাল মিডিয়া ও অভিভাবক মহলে দাবি উঠেছে—দুই মন্ত্রীর বক্তব্যের এই বৈপরীত্য দূর করে সরকার যেন স্বচ্ছভাবে জ্বালানি পরিস্থিতি জানায় এবং শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

 

জ্বালানি সংকট সত্যিই আছে কি না—তা নিয়ে সরকারের অভ্যন্তরীণ অসঙ্গতি এখন জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থীদের পাঠদানে বিশৃঙ্খলা না ঘটিয়ে সংকট মোকাবিলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

 

Visited 12 times, 1 visit(s) today