নেত্রকোণায় হামের প্রাদুর্ভাবে আটপাড়া উপজেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা

নেত্রকোণায় হামের প্রাদুর্ভাবে আটপাড়া উপজেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা
শেয়ার করুন

স্থানীয় প্রতিনিধি

 

নেত্রকোণা: জেলায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরই মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আটপাড়া উপজেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

নেত্রকোণা সিভিল সার্জন ডা. গোলাম মওলা জানান, গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে নেত্রকোণা সদর হাসপাতালে ২ জন, মদন উপজেলায় ৩ জন, কলমাকান্দায় ২ জন এবং পূর্বধলায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন। দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এর আগে গত ২ এপ্রিল একদিনে ২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছিল। গত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত ১৩ দিনে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৩৫ জন। এদের মধ্যে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ১৭ জন নেত্রকোণার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

 

হামের এই বাড়তি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার আটপাড়া উপজেলাসহ দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে। আটপাড়ায় বিশেষ টিকাদান কার্যক্রম চলছে, যেখানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

 

সিভিল সার্জন ডা. গোলাম মওলা বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সময়মতো টিকাদানই এর প্রধান প্রতিরোধ উপায়। জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

 

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের নিয়মিত টিকা দিতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে।

 

Visited 10 times, 1 visit(s) today