❐ আন্তর্জাতিক ডেস্ক
পোপ লিও চতুর্দশ তার প্রথম ইস্টার প্রার্থনায় বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ পরিহার করে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো ভক্তের উপস্থিতিতে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভ্যাটিকানের প্রধান গির্জার কেন্দ্রীয় বারান্দা থেকে ভাষণ দিতে গিয়ে পোপ বলেন, “যাদের হাতে যুদ্ধ শুরু করার ক্ষমতা রয়েছে, তারা যেন শান্তিকে বেছে নেয়।”
তিনি আরও বলেন, “এই আনন্দের দিনে আমরা সংঘাত, আধিপত্য ও ক্ষমতার আকাঙ্ক্ষা ত্যাগ করি এবং যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য স্রষ্টার শান্তি প্রার্থনা করি।”
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই পোপ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংঘাতের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনাসহ বৈশ্বিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে আসছেন।
ইস্টার প্রার্থনা উপলক্ষে পুরো চত্বর বর্ণিল ফুল দিয়ে সাজানো হয়। হাজার হাজার হলুদ, বেগুনি, লাল ও সাদা ফুলে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
ভাষণে পোপ বলেন, “আমরা ধীরে ধীরে সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং হাজার হাজার মানুষের মৃত্যুর প্রতি উদাসীন হয়ে পড়ছি।”
তিনি আবারও আহ্বান জানান, “যাদের কাছে অস্ত্র আছে তারা তা নামিয়ে রাখুক, এবং যাদের হাতে যুদ্ধ শুরুর ক্ষমতা আছে তারা শান্তির পথ বেছে নিক।”
এবারের ভাষণে তিনি কোনো নির্দিষ্ট দেশ বা সংঘাতের নাম উল্লেখ করেননি, যা সাম্প্রতিক প্রথা থেকে কিছুটা ভিন্ন।
তিনি তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান, যিনি গত বছরের ইস্টার দিবসে শেষ ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুবরণ করেন।
খ্রিস্টানদের জন্য ইস্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা যিশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে।
অনুষ্ঠানের শেষে পোপ লিও বিভিন্ন ভাষায় ইস্টারের শুভেচ্ছা জানান এবং ঘোষণা করেন যে তিনি আগামী ১১ই এপ্রিল শান্তির জন্য একটি বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করবেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোপ একাধিকবার বৈশ্বিক সংঘাতের নিন্দা জানিয়েছেন এবং মানুষকে যুদ্ধ ও দুর্ভোগের প্রতি উদাসীন না হয়ে সক্রিয়ভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন।
