ডেজিরে দুয়ের জোড়া গোলে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে ফ্রান্স। এর মাধ্যমে নিজেদের আক্রমণভাগের শক্তি ও স্কোয়াড গভীরতার দারুণ এক প্রদর্শনী করল তারা। কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের দল ঘোষণার আগে এটিই ছিল তাদের শেষ ম্যাচ।
গত বৃহস্পতিবার ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারানো মূল একাদশের বদলে এই ম্যাচে সম্পূর্ণ ভিন্ন একটি দল নামিয়েছিলেন দেশম। তবুও কলম্বিয়ার বিপক্ষে দাপুটে ছিল ‘লে ব্লুজ’রা। দুয়ের জোড়া গোল এবং মার্কাস থুরামের এক গোলে সহজ জয় নিশ্চিত করে তারা। কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি শোধ করেন জ্যামিন্টন কাম্পাজ। শুরুতে ভালো খেললেও দ্রুতই ফরাসিদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে কলম্বিয়া।
কৌশলগত রক্ষণাত্মক ফুটবলের জন্য মাঝেমধ্যে সমালোচিত হলেও, গত দুটি প্রস্তুতি ম্যাচে শৈল্পিক ফুটবলের সঙ্গে কার্যকারিতার দারুণ মিশেল দেখিয়েছে ফ্রান্স। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে দেশমের শিষ্যরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কোচ হিসেবে এটিই হতে যাচ্ছে দেশমের শেষ টুর্নামেন্ট।
ফ্রান্সের ৪-২-৩-১ ফরমেশনে দারুণ ছন্দে থাকা রায়ান চেরকি বলেন, ‘এই দুই ম্যাচে আমরা যা করেছি তা সত্যিই আশাব্যঞ্জক। জুনের জন্য আমরা মুখিয়ে আছি।’
দেশমও তার মূল্যায়নে ইতিবাচক ছিলেন। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার শক্তিশালী দুটি দলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স খুবই ইতিবাচক। আমরা অনেক খেলোয়াড়কে সুযোগ দিয়েছি… তাদের সামর্থ্য প্রমাণের মানও সেখানে ছিল।’
শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ২৯ মিনিটে লিড নেয় ফ্রান্স। নিচু শটে বল জালে জড়িয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন দুয়ে। বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। মাঘনেস আকলিউশের চমৎকার এক ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি।
ম্যাচের এক ঘণ্টা হওয়ার আগেই জয় নিয়ে সব সংশয় দূর হয়ে যায়। মাঝমাঠ থেকে এক দ্রুতগতির আক্রমণে আকলিউশের কাছ থেকে বল পেয়ে থুরামকে বাড়ান চেরকি। থুরামের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে।
ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপে যখন বদলি হিসেবে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কোণাকুণি শটে ব্যবধান কমান কলম্বিয়ার কাম্পাজ। এরপর এমবাপে এবং আরেক বদলি খেলোয়াড় হুগো একিটিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও গোল করতে পারেননি।
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৪ জুন নঁতে আইভরি কোস্টের বিপক্ষে এবং ৮ জুন অন্য একটি দলের (এখনও নির্ধারিত হয়নি) বিপক্ষে ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ১৪ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশম।
