সংসদ সদস্য হলেও পণ্য কিনে ব্যাগ পেলেন না রুমিন ফারহানা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সংসদ সদস্য হলেও পণ্য কিনে ব্যাগ পেলেন না রুমিন ফারহানা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে অবস্থিত আড়ং এর একটি শোরুম থেকে কেনাকাটা করে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মায়ের জন্য কেনা কাপড় হাতে করে বাসায় ফেরার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে দেখা যায়, রুমিন ফারহানা হাতে কয়েকটি কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন।

পোস্টে তিনি লেখেন, একজন সংসদ সদস্যের সঙ্গে এমন অভিজ্ঞতা হওয়ায় বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন। এর আগেও আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে। তবে এবার বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়েছে। তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে অন্তত ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল।

জাকির হোসেন শুভ আরও উল্লেখ করেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনবেন কিন্তু সেই পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাবেন না—এটা গ্রহণযোগ্য নয়। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও থাকা দরকার। একটি ব্র্যান্ড যখন মানুষের আস্থা ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে, তখন গ্রাহকের প্রতি সম্মান দেখানোও তাদের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা জানান, ইফতারের পর তিনি উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং শোরুমে গিয়ে মায়ের জন্য চারটি কাপড় কেনেন। বিল পরিশোধের সময় তাকে জানানো হয়, কাপড় নেওয়ার ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।

তিনি বলেন, “সাড়ে চার হাজার টাকার বিল দেওয়ার পরও যদি ব্যাগের জন্য আলাদা টাকা দিতে হয়, সেটা অদ্ভুত মনে হয়েছে। তাই ক্ষোভ প্রকাশ করে কাপড়গুলো হাতে নিয়েই বাসায় ফিরে আসি।”

রুমিন ফারহানা আরও জানান, মায়ের জন্য ম্যাক্সি কাপড় কিনতেই তাকে আড়ংয়ে যেতে হয়েছিল। কারণ তার মায়ের মাপের কাপড় সাধারণত সেখানে পাওয়া যায়। তবে নিজের জন্য তিনি কখনও আড়ং থেকে কাপড় কেনেননি বলেও জানান।

এ বিষয়ে জানতে উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং শোরুমের টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Visited 13 times, 1 visit(s) today