রুমিন ফারহানা: ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, এর পরিণতির জন্যও প্রস্তুত থাকুন

রুমিন ফারহানা: ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, এর পরিণতির জন্যও প্রস্তুত থাকুন
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


হাজারে-বিজারে ভুয়া মামলা দায়ের এবং এসব মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপির সাবেক এই শীর্ষ নেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই ক্ষোভ উগরে দেন।

ফেসবুক পোস্টে রুমিন লেখেন, ‘ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।’

জনপ্রিয় এই আইনজীবী ও রাজনীতিবিদ তার পোস্টে সুনির্দিষ্টভাবে কারও নাম কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি আসার পর তা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং কয়েক হাজার নেটিজেন এতে নানামুখী প্রতিক্রিয়া দেখিয়েছেন।

সাম্প্রতিক সময়ে বিডি ডাইজেস্টসহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে ২০২৪-এর জুলাই সন্ত্রাসের ঘটনাগুলো নিয়ে অসংখ্য ভুয়া ও গায়েবি মামলার ঘটনা। এসব মামলা কেন্দ্র করে লাখ লাখ মানুষকে গণগ্রেপ্তার ও হয়রানি, বিনা বিচারে কারাবন্দী করে রাখার ঘটনায় এমনকি দেশে-বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থাও তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছে ইতিমধ্যে।

এমনকি দেখা গেছে এসব ভিত্তিহীন মামলার এজাহারে অজ্ঞাতনামা হাজারের বেশি আসামি করে রাখা হয়েছে, যার ফলশ্রুতিতে রাজনৈতিক কর্মী এবং পুলিশের রমরমা অনৈতিক বাণিজ্যেরও প্রমাণ মিলেছে। আসামির তালিকা থেকে নাম প্রত্যাহারের নাম করে নিরীহ মানুষের কাছ থেকে লাখ থেকে কোটি টাকা আদায়ের তথ্যও উঠে এসেছে গণমাধ্যমে।

Visited 6 times, 1 visit(s) today