গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই হারের পর পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন সাবেক পেসার মোহাম্মদ আমির।
ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে আমির লেখেন, ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি। আমার ভয় হচ্ছে, আমরা হয়তো এক সময় কোনো সহযোগী (অ্যাসোসিয়েট) দেশের পর্যায়ে নেমে যাব।’
ম্যাচে বাংলাদেশের বোলারদের প্রশংসা করলেও পাকিস্তানের তরুণ ক্রিকেটার এবং দলের ভারসাম্য নিয়ে কঠোর সমালোচনা করেন আমির। তিনি বলেন, ‘পাকিস্তান মাত্র ১১৪ রান করতে পেরেছে। নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছেন।’
এই সিরিজের দল থেকে বাবর আজমকে বাদ দিয়েছিল পাকিস্তান। আমিরের মতে, এই সিদ্ধান্তটি ভুল ছিল। দলে সিনিয়র ও তরুণদের মধ্যে সঠিক ভারসাম্য থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি শুধু অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে কেবল তরুণদের নিয়ে খেলতে পারেন না। দলে দিকনির্দেশনা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে।’
পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানদের টেকনিক নিয়েও প্রশ্ন তোলেন এই সাবেক বাঁহাতি পেসার। বিশেষ করে অফ-স্টাম্পের বাইরের বল খেলতে তাদের জড়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তরুণ খেলোয়াড়দের মধ্যে শুধু মিড-উইকেটের দিকে খেলার প্রবণতা তৈরি হয়েছে। বল অফ-স্টাম্পে থাকলে তারা বুঝতেই পারে না কী করতে হবে।’
ম্যাচের একটি আউটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘শামিল (হোসাইন) মিড-উইকেটে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। তরুণদের বুঝতে হবে যে অফ সাইড বা মিড-অফের ওপর দিয়েও রান করা সম্ভব।’
একই পিচে দুই দলের পারফরম্যান্সের পার্থক্য তুলে ধরে আমির বলেন, ‘আমাদের বোলিং ছিল হতাশাজনক। যে উইকেটে আমাদের ব্যাটসম্যানরা ভুগেছে, সেখানে বাংলাদেশ খুব দ্রুত লক্ষ্য তাড়া করে ফেলেছে।’
