এক সপ্তাহের বেশি আটকে থাকার পর ভারত ছাড়লেন দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ ক্রিকেটাররা

এক সপ্তাহের বেশি আটকে থাকার পর ভারত ছাড়লেন দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ ক্রিকেটাররা
শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এক সপ্তাহেরও বেশি সময় ভারতে আটকে থাকার পর অবশেষে নিজ দেশের পথে রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিভিন্ন এয়ারলাইনস ফ্লাইট বাতিল ও পথ পরিবর্তন করায় আন্তর্জাতিক বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে ক্রিকেটারদের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আইসিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ জন এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ ১৬ জন সদস্য ভারতের মাটি ছেড়েছেন। সংস্থাটি জানায়, বৈশ্বিক ভ্রমণ পরিস্থিতির এই কঠিন সময়ে অত্যন্ত জটিল এক প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটারদের পাঠানোর কাজ শেষ হয়েছে।

এর আগে ক্রিকেটারদের ফেরা নিয়ে এই অনিশ্চয়তাকে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’ বলে উল্লেখ করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থার বিলম্ব নিয়ে তারা ক্ষোভও প্রকাশ করেছিল।

গত ১ মার্চ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর ৪ মার্চ সেমিফাইনালে হারার পর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হয়।

এদিকে, সেমিফাইনাল থেকে বিদায়ের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ইংল্যান্ড দল চার্টার্ড ফ্লাইটে ভারত ছাড়ায় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল। তবে গত বুধবার আইসিসি সেই অভিযোগ সরাসরি নাকচ করে দেয়।

Visited 13 times, 1 visit(s) today