ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.১৩%, ১০ মাসের মধ্যে সর্বোচ্চ

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.১৩%, ১০ মাসের মধ্যে সর্বোচ্চ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৮ই মার্চঃ দেশে আবারও ৯ শতাংশের ঘরে উঠেছে মূল্যস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে টানা চার মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতি। এতে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশে। খাদ্য মূল্যস্ফীতি টানা পাঁচ মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে।

এর আগে গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। এরপর কয়েক মাস কিছুটা নিম্নমুখী থাকলেও আবারও তা ৯ শতাংশের ওপরে উঠল। গত বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।

সামগ্রিকভাবে গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে দেশের অর্থনীতি। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম থাকায় সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। বিবিএস বলছে, গত ফেব্রুয়ারিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। আয় অপরিবর্তিত থাকলে সংসারের ব্যয় সামাল দিতে অনেক ক্ষেত্রে পরিবারগুলোকে ব্যয় কমাতে বা ঋণের ওপর নির্ভর করতে হয়।

পরিসংখ্যান অনুযায়ী, কোনো পণ্য ও সেবা কিনতে যদি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১০০ টাকা খরচ হয়ে থাকে, তবে এক বছর পর একই পণ্য কিনতে গড়ে প্রায় ১০৯ টাকা ১৩ পয়সা খরচ করতে হচ্ছে। অর্থাৎ এক বছরে প্রতি ১০০ টাকায় ব্যয় বেড়েছে ৯ টাকা ১৩ পয়সা।

 

Visited 13 times, 1 visit(s) today