❐ স্থানীয় সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামে স্থানীয় একটি জামে মসজিদের কমিটি ‘সমাজ সংস্কার’ ও ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠন’-এর নামে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে ‘হারাম’ ঘোষণা করে নোটিশ জারি করেছে।
এ নিয়ে গ্রামে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপে পর এমন ‘আইন বহির্ভূত সিদ্ধান্ত’ প্রত্যাহার করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা ও পারিবারিক শান্তি রক্ষার স্বার্থে শিরক, বিদআত, গান-বাজনা ও অপসংস্কৃতিকে ইসলামের দৃষ্টিতে হারাম ও ক্ষতিকর বিবেচনা করে প্রকাশ্যে উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
নোটিশে আরও বলা হয়, এর পরেও যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে ‘আইনগত’ ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশটিতে মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর পক্ষে ৩৪ জনের স্বাক্ষর রয়েছে।
এছাড়া, কমিটি সিদ্ধান্ত নিয়েছে, গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠানে গানবাজনা হলে স্থানীয় আলেমরা সেখানে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে যাবেন না। গ্রামের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে এই নোটিশ প্রচার করা হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকে একে মানবাধিকার হরণের পাশাপাশি ব্যক্তির স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে সমালোচনা করেন।
পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে মসজিদ কমিটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে পিছু হটে এবং নোটিশ প্রত্যাহার করে।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের নোটিশ আইনবহির্ভূত এবং কোনো ব্যক্তি বা কমিটি এভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে না।
এ ঘটনা গ্রামীণ সমাজে ধর্মীয় ব্যাখ্যা ও সাংস্কৃতিক স্বাধীনতার মধ্যে সংঘাতের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

