❐ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল ৪ঠা মার্চ, বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)।
আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
দীপু দাসকে হত্যার পর লাশ পোড়ানোয় নেতৃত্ব দেন কওমি শিক্ষক-মসজিদের ইমাম ইয়াছিন
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিয়ামকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে এবং রাত ১০টার দিকে আব্দুল্লাহকে জামিরদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ঘটনার দিন স্কয়ার মাস্টারবাড়ী এলাকার প্রধান সড়কের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকা দীপু চন্দ্র দাসের মরদেহে আগুন দেওয়ার সময় গ্রেপ্তার দুইজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তারা রশি টেনে মরদেহ নামানোর সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ উগ্রবাদী ধর্মীয় স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া জনতাকে উসকানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল বলে দাবি করেছে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, এ মামলায় গ্রেপ্তার হওয়া ২৫ জনের মধ্যে ১২ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
