সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানকে বিমানবন্দরে ‘হয়রানি’ ও নিরাপত্তা তল্লাশি

সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানকে বিমানবন্দরে ‘হয়রানি’ ও নিরাপত্তা তল্লাশি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার নামে হয়রানি করার অভিযোগ উঠেছে।

নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার (২রা মার্চ) বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি এই হয়রানির শিকার হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের সব প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহ করার পরও তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও বিলম্বের মুখোমুখি হতে হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে ‘সিকিউরিটি চেক’-এর নামে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এতে তার ফ্লাইট মিস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

এই ঘটনাকে অনেকে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে চালানো নিরাপত্তা তল্লাশি ও হয়রানির ধারাবাহিকতা হিসেবে দেখছেন। আদিলুর রহমান খান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, যিনি ইউনুসের “কিচেন ক্যাবিনেট” এর অন্তর্ভুক্ত বলা অভিযোগ রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, সাবেক উপদেষ্টা হওয়া সত্ত্বেও সাধারণ গেট দিয়ে প্রবেশ করায় স্বাভাবিক চেকিং করা হয়েছে, আবার অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করছেন।

এদিকে, আদিলুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এই ঘটনার প্রতিবাদ জানাতে পারেন। এই ধরনের ঘটনা বিমানবন্দরে নাগরিকদের সঙ্গে আচরণের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রবাসী ও ভ্রমণকারীদের হয়রানি বন্ধে সরকারের পক্ষ থেকে পূর্বে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও, এখনও অভিযোগ অব্যাহত রয়েছে।

Visited 56 times, 1 visit(s) today