সাকিবের ফেরার জন্য আইনি বাধা দূর করতে হবে: আমিনুল

সাকিবের ফেরার জন্য আইনি বাধা দূর করতে হবে: আমিনুল
শেয়ার করুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজাকে নিয়ে নমনীয় কথা বললেও এবার ভিন্ন সুর নিয়েছেন। আজ বলেছেন সাকিব ও মাশরাফি যদি তাদের বিরুদ্ধে থাকা আইনি প্রক্রিয়াগুলো সমাধান করতে পারেন, তবে তাদেরকে ক্রিকেটে স্বাগত জানানো হবে।

সম্প্রতি এক বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সাকিবের ফেরার বিষয়ে কথা বলেছে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই অলরাউন্ডার সম্ভবত ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম ওডিআই সিরিজেও অংশ নিতে পারেন।

আমিনুল এর আগে জানিয়েছিলেন যে, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে সরকার একটি নমনীয় অবস্থান নেবে। বুধবার পল্লবী বিদ্যানিকেতনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন যে, সাকিব ও মাশরাফিকে অবশ্যই তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মুখোমুখি হতে হবে এবং সেগুলো নিষ্পত্তি করতে হবে।
তিনি বলেন, ‘সাকিব ও মাশরাফি কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি তাদের আকর্ষণ আমি দেখেছি। আমি মনে করি তাদের বিরুদ্ধে আইনি মামলাগুলো ছিল রাষ্ট্রের সিদ্ধান্ত।’

আমিনুল উল্লেখ করেন , সাকিব ও মাশরাফির উচিত রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের আইনজীবীদের মাধ্যমে এই মামলাগুলো মোকাবিলা করা।
তিনি আরও যোগ করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি বিশ্বাস করি, আইন অনুযায়ী তাদের ব্যক্তিগতভাবে তাদের আইনজীবীদের মাধ্যমে সেই আইনি বিষয়গুলো মোকাবিলা করা উচিত। আইনজীবীদের মাধ্যমে যদি তারা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয় এবং সবকিছুর সমাধান করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মাঠে ফিরতে পারে, তবে আমি তাদের স্বাগত জানাব। সেই বিষয়ে আমরা শতভাগ নমনীয় থাকব।’

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে আর দেশে ফেরেননি। বাংলাদেশের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে টাইগারদের ভারত সফরকালে কানপুর টেস্ট।

এদিকে, বিসিবি সূত্র দাবি করেছে যে, সাকিবের বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত নথিপত্র গতকাল সরকারের কাছে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘নথিপত্রগুলো গতকাল পাঠানো হয়েছে। তবে যেহেতু এটি একটি নীতিনির্ধারণী বিষয়, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি দেখভাল করবে এবং আপাতত বোর্ড এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। যদি (বোর্ডের কাছ থেকে) কোনো কিছুর প্রয়োজন হয়, তবে আমাদের জানানো হবে।’

Visited 9 times, 1 visit(s) today