বিপর্যয় কাটিয়ে মিচেল স্যান্টনারের বিধ্বংসী ব্যাটিং আর বোলারদের তোপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের এই ম্যাচে ৬১ রানের বড় জয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল কিউইরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। মাত্র ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন অধিনায়ক স্যান্টনার। তার ২৬ বলে ৪৭ রানের ‘ক্যাপ্টেনস নক’-এ ভর করে ৭ উইকেটে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় ব্ল্যাক ক্যাপসরা।
জবাবে ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৭ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার পার করলেও জয়ের ধারেকাছে যেতে পারেনি তারা। ২০ দলের এই টুর্নামেন্টে সুপার এইট পর্বে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় হার, যা তাদের সেমিফাইনালের স্বপ্ন চুরমার করে দিল।
নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন রাচিন রবীন্দ্র। তিনি ২৭ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। এছাড়া ম্যাট হেনরি মাত্র ৩ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
দারুণ এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালে গ্রুপ সেরা হয়েই শেষ চারে উঠবে তারা। হারলেও থাকবে সুযোগ। যদি শ্রীলঙ্কা শেষ ম্যাচে পাকিস্তানকে হারায় তাহলে শেষ ম্যাচ হারলেও সেমিতে যাবে নিউজিল্যান্ড। পাকিস্তান জিতলেও রানরেট ভালো রাখতে পারলে হেরেও সেমিতে উঠবে কিউইরা।
