নিজস্ব প্রতিবেদক
মুহাম্মদ ইউনূসের শাসনামলে গত ১৮ মাসে অন্যায়ভাবে আটক সাংবাদিকদের মুক্তি চেয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
একইসাথে ২০২৪ সালের ৫ আগস্ট ‘মব সন্ত্রাসীদের’ দ্বারা তালাবদ্ধ কার্যালয় দ্রুত খুলে দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু ও সাধারণ সম্পাদক আখতার হোসেন এ দাবি করেন।
২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখলের পরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রুপাসহ ১০ জনেরও অধিক সাংবাদিককে আটক করে সরকার।
ডিইউজে’র সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, গণতন্ত্র আলোচনা-সমালোচনা হবে কিন্তু বাঁধা দেওয়া, কার্যালয় বন্ধ করা আর মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না। অতিদ্রুত মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের মুক্তি দিতে হবে।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মুহাম্মদ ইউনূসের শাসনামলে গত ১৮ মাসে অন্যায়ভাবে সাংবাদিক আটক করা হয়। তারা কি হত্যা করেছেন? তাদের অপরাধ কী? সত্য ও ন্যয়ের পক্ষে কথা বললেই আটক করতে হবে। অবিলম্বে আটককৃত সাংবাদিকদের মুক্তি দাবি করছি।
তালাবদ্ধ কার্যালয় খোলার দাবি জানিয়ে তারা বলেন, গণতন্ত্রিক দেশে মবসন্ত্রাসের মাধ্যমে গত ১৮ মাস ধরে ডিইউজে কার্যালয় বন্ধ রাখা হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে প্রভাতফেরী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা করে ডিইউজে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও কুদ্দুস আফ্রাদ, ডিইউজে’র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, অর্থ সম্পাদক সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষায়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী সদস্য সাজেদা হক, রাজরানা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ডিইউজে’র সাবেক আইন সম্পাদক সাইফ আলী, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার।
ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম ও জাহাঙ্গীর খান বাবু, নিশাত বিজয়, ইমরানুল আজিম চৌধুরী ইমু, এস এম রাসেল আহমেদ, মাহবুবুল হকসহ অর্ধ শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।
