নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ প্রথম রোজাতেই: সেহরিতে ভোগান্তি

নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ প্রথম রোজাতেই: সেহরিতে ভোগান্তি
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নারায়ণগঞ্জে রোজা শুরু হয়েছে ভোগান্তি দিয়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর প্রায় সব এলাকায় গ্যাস সরবরাহ হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে গেলে প্রথম সেহরিতেই ভোগান্তি হয়েছে রোগীদের। তাই অনেকের চুলা জ্বলেনি, রান্না হয়নি। অনেকে না খেয়ে সেহরি সেরেছেন।

গতকাল বিকেল থেকেই গলাচিপা, আমলাপাড়া, খানপুর, মিশনপাড়া, মাসদাইর ও দেওভোগসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে লাখো মানুষ ভোগান্তিতে পড়েন।

আমলাপাড়ার গৃহিণী নাজনীন মুন্নি বলেন, রমজানের প্রথম রাত উপলক্ষে বিশেষ আয়োজন করে রান্না শুরু করেছিলেন। কিন্তু সন্ধ্যার আগেই গ্যাস চলে যায়। তিনি বলেন, না খেয়েই রাত কাটাতে হবে কি না বুঝতে পারছি না।

দেওভোগের বাসিন্দা দিলশাদ আরার ক্ষোভ আরও তীব্র। তার ভাষ্য, সারাদিন গ্যাসের চাপ কম ছিল, আর রাতে একেবারেই বন্ধ হয়ে যায়। রাত ১২টা পার হয়ে গেছে, সেহরির রান্নার কোনো উপায় নেই। রোজার আগে এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।

এদিকে সেহরির সময় বাসাবাড়িতে রান্না বন্ধ থাকায় হোটেল-রেস্তোরাঁয় উপচে পড়া ভিড় ছিল। রাত ১টার আগেই অনেক খাবারের দোকানে সেহরির খাবার শেষ হয়ে যায়। মাসদাইর এলাকার সোলাইমান হোসেন জানান, চারটি হোটেল ঘুরেও তিনি খাবার পাননি। সব জায়গায় লম্বা লাইন, দোকানদাররা বলছেন খাবার শেষ।

এ বিষয়ে তিতাস গ্যাস-এর ফতুল্লা শাখার টেকনিশিয়ান আব্দুর রহীম জানান, ফতুল্লার পঞ্চবটী এলাকায় প্রধান সিএনজি স্টেশনের কাছে মূল পাইপলাইনে সংস্কারকাজ চলছে। তার দাবি, বিষয়টি সংস্থার ওয়েবসাইটে আগেই জানানো হয়েছিল এবং দ্রুত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Visited 13 times, 1 visit(s) today