বিমানবন্দর থেকে সাবেক গাসিক কাউন্সিলর যুবলীগ নেতা বিল্লাল মোল্লা আটক

বিমানবন্দর থেকে সাবেক গাসিক কাউন্সিলর যুবলীগ নেতা বিল্লাল মোল্লা আটক
শেয়ার করুন
❐ নিজস্ব সংবাদদাতা

বিদেশ যাত্রার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা (৪৫) বিমানবন্দর থেকে আটক হয়েছেন।

আজ ১৬ই ফেব্রুয়ারি, সোমবার দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে।

আটক গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে।

তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, জুলাই দাঙ্গায় হত্যা, নাশকতাসহ বিভিন্ন অপরাধে বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা বিল্লাল মোল্লাকে গাজীপুর মহানগর ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের দাবি, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা দেশত্যাগের জন্য বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিএমপিকে খবর দেয়। পরে জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে তাকে আটক দেখিয়ে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান বলেন, বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছেন। তার নামে একাধিক মামলা আছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

Visited 12 times, 1 visit(s) today