হাইকোর্টের আদেশে আপিল বিভাগের স্থগিতাদেশ: রমজানে স্কুল খোলা থাকছে

হাইকোর্টের আদেশে আপিল বিভাগের স্থগিতাদেশ: রমজানে স্কুল খোলা থাকছে
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার যে নির্দেশনা বাংলাদেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছেন আপিল বিভাগ-এর চেম্বার আদালত।

আজ ১৬ই ফেব্রুয়ারি, সোমবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে, ১৪ই ফেব্রুয়ারি, রোববার পুরো রমজানজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব সরকারি-বেসরকারি বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

গত ৫ই জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ নোটিশ পাঠান ওই আইনজীবী।

নোটিশে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে, যা আইন ও নীতির অংশ হিসেবে বিবেচ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে প্রচলিত রীতি-নীতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে—এই যুক্তিতে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়।

এছাড়া নোটিশে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার ফলে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্ট পেতে পারে, যা ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে শহরে যানজট বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে এ বিষয়ে রিট দায়ের করা হয়।

Visited 11 times, 1 visit(s) today