গাজীপুরে উদ্বোধনের আগেই প্রাক্কলনের অধিক ব্যয়ে নির্মিত সড়কে ধস, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

গাজীপুরে উদ্বোধনের আগেই প্রাক্কলনের অধিক ব্যয়ে নির্মিত সড়কে ধস, দুর্নীতি-অনিয়মের অভিযোগ
শেয়ার করুন
❐ স্থানীয় সংবাদদাতা

গাজীপুর সিটি কর্পোরেশন-এর আওতাধীন কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নতুন নির্মিত একটি সড়ক নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে কয়েক ফুট ধসে পড়েছে। অথচ এখনো সড়কটি উদ্বোধনই হয়নি। উদ্বোধনের আগেই এমন অবস্থার সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদ-এর পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজ দুটি প্যাকেজের আওতায় বাস্তবায়নকাজ শুরু হয়।

প্যাকেজ-১২ এর আওতায় ১১৫০ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয় প্রাক্কলিত ব্যয়ের চেয়েও বেশি, ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায়।

অন্যদিকে প্যাকেজ-৫ এর আওতায় ১২ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। এখানেও প্রাক্কলনের চেয়ে বেশি দামে ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।

প্রকল্পের আওতায় ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১.৮ মিটার ফুটপাত এবং রেলিং গার্ড ওয়াল নির্মাণের কথা ছিল।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। ঢালাইয়ের মাত্র তিন দিনের মধ্যেই রাস্তার একটি অংশ ভেঙে কয়েক ফুট দেবে যায়। এছাড়া বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।

স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিমাণ ঢালাই দেওয়া হয়নি। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেছেন।

সরেজমিনে দেখা গেছে, কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ অবস্থায় প্রথমে ফাটল দেখা দেয় এবং পরে রাস্তার একটি অংশ ধসে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে রাস্তা নির্মাণ হওয়ায় এটি প্রাকৃতিক কারণে হতে পারে, তবে পরিকল্পনাগত ত্রুটিও থাকতে পারে। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা হবে।

অন্যদিকে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

Visited 12 times, 1 visit(s) today