জার্মানিতে ফ্যাবিয়ানো কারুয়ানার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে রবিবার নিজের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। এর মাধ্যমে তিনি প্রথম অফিসিয়াল ফিদে ফ্রিস্টাইল চেস বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
ভাইসেনহাউসে ৩৩ বছর বয়সী মার্কিন প্রতিপক্ষের বিপক্ষে চতুর্থ ও শেষ গেমে একটি সতর্ক ড্রয়ের মাধ্যমে ম্যাচটি ২.৫–১.৫ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেন এই দাবা সম্রাট।
রবিবার ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রোমাঞ্চকর তৃতীয় গেমটি। সেখানে ৩৫ বছর বয়সী কার্লসেন একটি হারতে বসা অবস্থান থেকে দুর্দান্ত জয় তুলে নেন, যা পুরো লড়াইয়ের মোড় তার দিকে ঘুরিয়ে দেয়।
নির্ধারক চতুর্থ গেমে বিশ্বসেরা এই দাবারুর শুধু একটি ড্রয়ের প্রয়োজন ছিল। সমানে সমান থাকা ‘এন্ডগেমে’ তিনি ঠিক সেটিই অর্জন করেন; অন্যদিকে কারুয়ানা ম্যাচে ফেরার শেষ সুযোগগুলো হাতছাড়া করেন।
কার্লসেন এখন পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে মোট ২১টি বিশ্ব শিরোপা জিতলেন।
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপটি ফিদে এবং বেসরকারি আয়োজক ‘ফ্রিস্টাইল চেস’-এর মধ্যে একটি যুগান্তকারী সমন্বয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ এই ফরম্যাটে এটিই ছিল প্রথম স্বীকৃত শিরোপা।
কার্লসেন এর আগে ফিদে ফিশার র্যান্ডম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়েছিলেন, যার ফলে এই মহান দাবাড়ুর কাছে এই জয়টি বিশেষভাবে মধুর।
ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে উজবেকিস্তানের নোদিরবেক আব্দুসাত্তোরভ জার্মানির ভিনসেন্ট কেইমারকে হারিয়েছেন। শেষ গেমে জয়ের মতো অবস্থায় থাকা সত্ত্বেও ড্র করে তিনি নিজের অবস্থান নিশ্চিত করেন।
দুই ফাইনালিস্ট এবং আব্দুসাত্তোরভ আগামী বছরের চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছেন।
টুর্নামেন্টের অন্যান্য অবস্থানে, ভারতের অর্জুন এরিগাইসিকে ২-০ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের হ্যান্স নিম্যান পঞ্চম স্থান অধিকার করেন। অন্যদিকে আরমেনিয়ার লেভন আরোনিয়ান তার ‘আর্মাগেডন’ গেমে উজবেকিস্তানের জাভোহির সিন্দারভকে হারিয়ে সপ্তম হন।
নারী প্রদর্শনী ম্যাচে কাজাখস্তানের বিবিসারা আসাউবায়েভা সুইজারল্যান্ডের আলেকজান্দ্রা কোস্তেনিউককে পরাজিত করেন। তাদের শেষ ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছিল।
