যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকায় একটি ধানখেত থেকে স্থানীয় ব্যবসায়ী অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৫ই ফেব্রুয়ারি, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
জানা যায়, অরুণ অধিকারী ওই রাতে কেশবপুর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে সাহাপাড়ার নিজ বাসায় ফিরছিলেন বলে জানায় পরিবার। কিন্তু দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন স্বজনরা। এসময় বাড়ির অদূরে ধানখেতের কাছে তাকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তারা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, অরুণ অধিকারী বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এ নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর সাথে তার বিরোধ চলছিল বহুদিন ধরে। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক বলে তাকে এ নিয়ে অনেক হুমকি-ধমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।
উক্ত সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হওয়ার পর থেকে তার পরিবার শঙ্কার মধ্যেই দিন পার করছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। দেশে ফিরে তিনি মাছের ঘেরের ব্যবসা শুরুর পাশাপাশি বিএনপির স্থানীয় রাজনীতিতেও সক্রিয় হন।
তার বড় ভাই অশোক অধিকারী বলেন, “ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু দেখা যায়নি, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
কেশবপুর থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে—সম্ভবত মোটরসাইকেল দুর্ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে। কোনো মামলা দায়ের হয়নি, তবে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
