❐ নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন আসিফ আলী জারদারি।
তিনি বলেছেন পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বিএনপিকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানান।
এর আগে, বিএনপির বিজয়ে তারেক রহমান ও দলটিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’ তিনি আরও বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
নির্বাচনী তথ্য
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনের ভোট স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়।
এ নির্বাচনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে ৬৩ জন ছিলেন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র।
এবার মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। ভোটগ্রহণের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়, যেখানে মাত্র ৩% ভোটার ভোটদানে আগ্রহী হন।
