জেলা প্রতিনিধি
লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ। আটকের পর তিনি অসংলগ্ন আচরণ শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ জানায়, আটক নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় এবং কীভাবে তিনি পুলিশের পোশাক সংগ্রহ করেছেন—তা যাচাই করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ওই নারী কেন পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্র এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং পোশাকটি কোথা থেকে পেয়েছেন—তা তদন্ত করা হচ্ছে।
অসংলগ্ন আচরণের কারণে তাকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছে পুলিশ। যদিও স্থানীয়দের মতে, ওই নারী কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠন কিংবা জামায়াতে ইসলামীর গুপ্ত নারী কর্মী হতে পারেন।
আইনশঙ্খলার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য জানান, ওই নারী পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় স্থানীয়রা তাকে আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
