❐ স্থানীয় সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে এক যুবককে প্রকাশ্যে থাপ্পর মারার দৃশ্য দেখা যায় বলে অভিযোগ থাকলেও ইউএনও বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, এ সময় কোনো চড়-থাপ্পরের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র অসুস্থ থাকায় তার গ্যারেজ কর্মচারী (১৮) ফুয়েল কার্ডসহ তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। এ সময় তদারকিতে থাকা ইউএনও শামীমা আক্তার জাহান তার কার্ড পরীক্ষা করেন।
অভিযোগ রয়েছে, কার্ডের ছবির সঙ্গে চেহারার অমিল থাকায় কোনো প্রশ্ন ছাড়াই তাকে চড় মারা হয়।
বুধবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের ‘লুবানা ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অসুস্থ শিক্ষকের মোটরসাইকেল ও ফুয়েল কার্ড যাচাই করে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগকারী গ্যারেজ কর্মচারী বলেন, তিনি মালিকের নির্দেশে অসুস্থ এক শিক্ষকের কার্ড ও টাকা নিয়ে তেল নিতে গিয়েছিলেন।
তার দাবি, ইউএনও কার্ড যাচাইয়ের সময় কোনো কথা না বলেই তাকে কয়েকটি থাপ্পড় মারেন এবং বিনা অপরাধে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
অন্যদিকে, ইউএনও শামীমা আক্তার জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে আঘাত করেননি।
তার ভাষ্য অনুযায়ী, নিয়ম না মেনে লাইনে দাঁড়ানোর কারণে তিনি শুধু ওই ব্যক্তির গাড়ির চাবি নিয়েছিলেন এবং পরে যাচাই-বাছাই শেষে তা ফেরত দেওয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে তাকে ‘আপু’ সম্বোধন করায় এক অনুষ্ঠান আয়োজকের সঙ্গে তার ক্ষুব্ধ আচরণের অভিযোগ ওঠে। সে সময় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
