নীলফামারি প্রতিনিধি
নীলফামারী-৪ সংসদীয় আসনের জাতীয় পার্টির নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও জাপা কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।
মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সোমবার রাতে সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকায় অবস্থিত তার নির্বাচনি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ‘‘একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তার ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা তার নির্বাচনি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি দুটি গাড়িতে মারাত্মক ক্ষয়ক্ষতি করে। এ সময় তার সঙ্গে থাকা দুইজনসহ মোট পাঁচজন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।’’
তিনি বলেন, “এত বড় একটি ঘটনা প্রকাশ্যে ঘটলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”
জাতীয় পার্টির এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করছে এবং নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তার দাবি, ভোটের পরিবেশ নষ্ট করা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টিই ছিল এই হামলার মূল উদ্দেশ্য।’’
তিনি নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
