নিজস্ব প্রতিবেদক::
জামায়াতে ইসলামীকে একটি প্রতারক দল বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন তারা এখন ভাড়ায় মুক্তিযোদ্ধা এনে জানিতে নতুন বয়া শুনাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এখন তাদের মুখে আবার মুক্তিযুদ্ধের নতুন বয়ান শোনা যাচ্ছে। তিনি দাবি করেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা কখনো সঠিক ইতিহাস তুলে ধরবে না; বরং বিকৃত ইতিহাসই প্রচার করবে। তিনি আরও বলেন, নিজেদের পক্ষে প্রমাণ দেখাতে তারা এখন ভাড়ায় মুক্তিযোদ্ধা এনে দেখানোর চেষ্টা করছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও তিনি মন্তব্য করেন।
গণতন্ত্র, সংবিধান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে কাজ করেছে। গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তা রক্ষায় ভূমিকা রেখেছে।
দলের নেতাকর্মীদের অসাংগঠনিক কর্মকা-ে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১২ তারিখের পরদিন ১৩ তারিখ থেকে যারা অন্যায়, অপরাধ বা মানুষকে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের বড় ছেলে সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং বিএনপি নেতা সাজ্জাদুল কবির চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
