নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জনতার হামলার শিকার হয়েছেন জুলাই দাঙ্গায় সম্পৃক্ত দুই সন্ত্রাসী।
গতকাল ১৬ই জানুয়ারি, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হলেন, জুলাই-আগষ্টে রাষ্ট্রবিরোধী সহিংসতার চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আব্দুল্লাহ (২১)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার বাসিন্দা। অপর আহত যুবক মাইনুদ্দিন (২১), যিনি মধ্যম চন্দনাইশ এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় একদল জনতা নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে দুজনই আহত হন।
পরে তাদের কিছু নেতা-কর্মীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, জনতার হামলায় জুলাই-আগষ্টের সন্ত্রাসী সহিংসতার এক সংগঠকসহ দুইজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চমেক হাসপাতালে দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, শুক্রবার দিবাগত রাতে আহত দুইজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
