নিজস্ব প্রতিবেদক
প্রজাতন্ত্র দিবসের মাত্র কয়েক দিন আগে ভারতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী নয়াদিল্লি ও দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলো। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, খালিস্তানি সংগঠন এবং বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত নেটওয়ার্কগুলো ২৬ জানুয়ারির আগে হামলার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এই সতর্কতার প্রেক্ষিতে দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্র অনুযায়ী, বিদেশে অবস্থানরত খালিস্তানি ও অন্যান্য উগ্রপন্থী হ্যান্ডলাররা তাদের কার্যক্রম পরিচালনার জন্য পাঞ্জাবভিত্তিক গ্যাংস্টারদের ব্যবহার করছে। এসব গ্যাংস্টারকে ‘ফুট সোলজার’ হিসেবে কাজে লাগিয়ে স্থানীয় অপরাধচক্রের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি হচ্ছে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, বাংলাদেশ-সংযুক্ত সন্ত্রাসী ও তাদের সহযোগী সংগঠনগুলো ২৬ জানুয়ারির আগে দিল্লিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, পাঞ্জাবভিত্তিক এসব গ্যাংস্টার হরিয়ানা, দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর), উত্তর প্রদেশ ও রাজস্থানে সক্রিয় রয়েছে এবং ধীরে ধীরে খালিস্তানি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কার্যকর ও সাংগঠনিক যোগাযোগ গড়ে তুলছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)–ও একই ধরনের তথ্য নিশ্চিত করেছে। এএনআইয়ের প্রতিবেদনে আইবি সূত্রের বরাতে বলা হয়েছে, বিদেশে থাকা খালিস্তানি ও উগ্রপন্থী হ্যান্ডলারদের হয়ে এসব গ্যাংস্টার বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।
এছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, বাংলাদেশ-সংযুক্ত সন্ত্রাসী ও তাদের সহযোগী সংগঠনগুলো ২৬ জানুয়ারির আগে দিল্লিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি যাচাই করতে দিল্লি পুলিশের উত্তর জেলা একাধিক সংবেদনশীল ও জনবহুল এলাকায় ধারাবাহিক মক ড্রিল পরিচালনা করেছে। জানুয়ারি ২০২৬-এর শুরুতে উত্তর দিল্লির রেড ফোর্ট, আইএসবিটি কাশ্মীর গেট, চাঁদনি চৌক, খারি বাওলি, সদর বাজার এবং বিভিন্ন মেট্রো স্টেশনে অন্তত চারটি মহড়া অনুষ্ঠিত হয়। এসব মহড়ার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবিরোধী প্রস্তুতি আরও জোরদার করা এবং সম্ভাব্য সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া সময় ও সমন্বয় যাচাই করা, পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করা।
