নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি, অনুরোধ করেছিল ভেন্যু বদলের। আইসিসি পাল্টা চিঠিতে নিরাপত্তাজনিত কি সংকট জানতে চেয়েছিলো বিসিবির কাছে। দ্বিতীয় দফায় নিজেদের ভাবনার জায়গা জানিয়ে মেইল পাঠিয়ে এখনো জবাব পায়নি বিসিবি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা অপেক্ষায় আছেন আইসিসির মেইলের।
শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে হাজির হয়ে বোর্ড সভাপতি বলেন, “আমরা আমাদের সরকারের সঙ্গে আলোচনা করে আইসিসিকে জানিয়েছি আমাদের মতামত। এখনো আইসিসির থেকে কোন রেসপন্স পায়নি, যত ইনফরমেশন দেওয়ার আমরা দিয়েছি। আমরা অপেক্ষা করছি।”
এদিকে খবর বেরিয়েছে কলকাতার বাইরে অন্য ভেন্যুতে খেলার অনুরোধ বিসিবি করেছে আইসিসিকে। তবে এই কথা উড়িয়ে দেন বুলবুল, “ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আপনারা জানেন যে, বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর বিশ্বকাপ নিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই এখনও স্থির আছি।”
তবে আইসিসি যদি ভেন্যু সরাতে রাজী না হয় তাহলে কি বিশ্বকাপ বর্জন করবে বাংলাদেশ, এই প্রশ্নে স্পষ্ট জবাব দেননি বুলবুল, “এই মুহূর্তে কিছু বলতে পারছি না। চিঠি না আসা পর্যন্ত। আমরা চিঠির জন্য অপেক্ষা করছি।”
রোববার আইসিসির কার্যালয় বন্ধ। সোম বা মঙ্গলবারের আগে কোন কিছু জানা সম্ভব না মনে হচ্ছে না বিসিবির সভাপতির, “আমি যতদূর জানি, তারা খুব পেশাদার প্রতিষ্ঠান তো তারা সব তথ্য নিয়ে তারা জানাবে। এভাবে হুটহাট জানাবে না। সো যতদূর জানি, শনিবার তো দুবাইতে অফিস বন্ধ থাকে আশা করি সোমবারের মধ্যে একটা উত্তর পাব।”
