নিজস্ব প্রতিবেদক
‘আওয়ামী দোসর’ ট্যাগ দিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে এসে আটক হয়েছেন গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলম শিমুল।
গতকাল ৭ই জানুয়ারি, বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, আশরাফুল আলম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নির্বাচন কমিশনে আপিল শুনানিতে উপস্থিত হওয়ার মাধ্যমে তার অবস্থান শনাক্ত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে সক্ষম হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর– কাশিয়ানী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল আলম। তবে গত ৩রা জানুয়ারি যাচাই-বাছাইয়ে এক শতাংশ সমর্থনকারীর স্বাক্ষর ত্রুটিপূর্ণ উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।
এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আপিলের শুনানিতে অংশ নিতে বুধবার তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন। কমিশন এলাকা ত্যাগের পর শাহবাগে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পথ খুললেও মামলা-ঝামেলার কারণে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
