ভারতে না খেললে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের, আইসিসির হুঁশিয়ারি

ভারতে না খেললে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের, আইসিসির হুঁশিয়ারি
শেয়ার করুন

আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলকে ভারত সফরে যেতেই হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হতে পারে— বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিসিবিকে এমন বার্তাই দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিসিবি এমন কোনো আল্টিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে।

মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনার সূত্র ধরে ইএসপিএনক্রিকইনফো এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

বিসিবি নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। খেলতে না গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে দেওয়া হবে।
যদিও বিসিবি দাবি করছে, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চরমপত্র বা ‘আল্টিমেটাম’ তারা পায়নি। দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবি— কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।

মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বিসিসিআই-এর দেওয়া একটি নির্দেশনার পরই পরিস্থিতির অবনতি ঘটে। ডিসেম্বরের নিলামে ৯.২ কোটি রুপিতে কেনা বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর-কে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানালেও কেন মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলা হলো, তার কোনো সদুত্তর দেননি। ২০২৬ সালের নিলামে মোস্তাফিজুর রহমানই ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

ভেতরের খবর হলো, আইপিএল গভর্নিং কাউন্সিল এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক সভাই করেনি। ফলে সাইকিয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে অন্য কোনো মহলের চাপ ছিল, তা নিয়ে ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে।

Visited 18 times, 1 visit(s) today