স্থানীয় সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সামনে যুবদল নেতা জানে আলম সিকদারকে (৫১) গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
৬ই জানুয়ারি, সোমবার রাত ৯টার দিকে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী সিকদারের বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত জানে আলম সিকদার একই এলাকার হামদু মিয়ার ছেলে। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন এবং পূর্বগুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জানে আলম সিকদার অলিমিয়া হাট থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তার বুকে ও পিঠে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই এলাকার বাসিন্দা রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জানে আলম সিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেন, বিএনপির কিছু কুচক্রী ব্যাক্তি এই হত্যার সাথে জড়িত আছে বলে মনে করেন।
তিনি আরো জানান, জানে আলম আমাদের বিএনপির গ্রুপিং রাজনীতির বলির পাঁঠা হয়েছেন। এটা আসলে আমাদের বিএনপির জন্য খুবই নিন্দনীয় এবং দুঃখের বিষয়।
পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেষ রায় বলেন, জানে আলম নামের একজনকে বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা তিনজন দুর্বৃত্ত গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তার বুকে ও পিঠে গুলি লেগেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিনজন মুখোশধারী এসে গুলি করে পালিয়ে গেছে।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, জানে আলম সিকদার দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে থেকে বহুবার কারাভোগ করেছেন। তিনি আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একান্ত অনুসারী ছিলেন। আজ আমাদের বিএনপির কিছু কুচক্রী মহল তাকে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত ১০টার দিকে রাউজান উপজেলার মুন্সিরঘাটা এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
