জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশে নতুন মবোক্রেসি নামক কালচার শুরু হয়েছে। এটা এখন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এ অবস্থা থেকে আমাদের বের হতে হবেই।
বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে; তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কার কথা শোনা গেলেও বিএনপি এ বিষয়ে শঙ্কিত নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়েছে। আমরা আশাবাদী। নির্বাচন তার নিজস্ব পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৪ আসনে মনোনীত প্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনে মনোনীত প্রার্থী এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
