স্থানীয় সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া উপজেলায় মুখ বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণের পর হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সরকারের কাছে।
২রা জানুয়ারি, শুক্রবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের পার্শ্ববর্তী কালামারছড়া দোছড়ি পাহাড়ি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
পরে ৯৯৯-এ জানানো হলে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, নিহত ব্যক্তি মোহাম্মদ হাশেম (২৮) রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকার মৃত আলী আহমদের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ৪ এক্সটেনশনের কসাইদের কাছে গরু বিক্রি করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে ৪-৫টি মাঝারি আকারের গরু নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে জানা যায়, অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।
অপহরণের একদিন পর তাকে হত্যা করে পাহাড়ি এলাকায় একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবার জানায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
