খালেদার মৃত্যু: দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

খালেদার মৃত্যু: দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার রাতে নয়াদিল্লস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং একজন স্থানীয় সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জয়শঙ্কর বলেন, খালেদা জিয়ার ‘দর্শন ও মূল্যবোধ’ ভবিষ্যতেও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

জয়শঙ্কর এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখে নয়াদিল্লির এসব উদ্যোগকে দলটির নতুন নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বুধবার ঢাকায় বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গিয়েল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ও প্রেসিডেন্টের বিশেষ দূত ড. আলী হায়দার আহমেদ।

শোকানুষ্ঠানের ফাঁকে জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়, যা বিরল আঞ্চলিক যোগাযোগ হিসেবে আলোচিত হয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নেতা ও সরকারের পক্ষ থেকে শোকবার্তা জানানো হচ্ছে।

Visited 12 times, 1 visit(s) today