ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালেই বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন বিপিএলে খেলা সাত ক্রিকেটার। আন্তর্জাতিক এই সূচির কারণে টুর্নামেন্টের মাঝপথেই ঢাকা ছাড়তে হচ্ছে তাদের।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রংপুর রাইডার্স। তাদের স্কোয়াড থেকে ফাহিম আশরাফ, খাজা নাফে ও মোহাম্মদ নওয়াজ পাকিস্তান দলে ডাক পেয়েছেন। এছাড়া ঢাকা ক্যাপিটালসের সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান এবং রাজশাহী ওয়ারিয়র্সের সাহেবজাদা ফারহানকেও পাচ্ছে না তাদের দল। কাঁধের চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান।
বিপিএলের সিলেট পর্ব শেষ হবে আগামী ২ জানুয়ারি। সংশ্লিষ্ট খেলোয়াড়রা ওই সময় পর্যন্ত নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে থাকতে পারবেন। তবে ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় চট্টগ্রাম পর্বে আর দেখা যাবে না এই পাকিস্তানি তারকাদের।
২৭ বছর বয়সী শাদাব খানের ফেরা নিয়ে পিসিবি জানায়, ব্রিটেনে সফল অস্ত্রোপচারের পর তিনি এখন সম্পূর্ণ ফিট। ডাম্বুলায় ৭, ৯ ও ১১ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলবেন তিনি।
তবে সিনিয়র খেলোয়াড়দের অনেককে এই সিরিজে বিশ্রাম বা অন্য লিগে খেলার সুযোগ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্যস্ত থাকায় শ্রীলঙ্কা সফরে থাকছেন না।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজেও নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। এছাড়া ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান ‘এ’ দলের হয়ে দুর্দান্ত খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান খাজা নাফে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন।
শ্রীলঙ্কা সফরের পাকিস্তান স্কোয়াড: সালমান আঘা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
