চলমান অবস্থায় বিপিএল যথাসময়ে আয়োজন নিয়ে আলোচনা করবে বিসিবি

চলমান অবস্থায় বিপিএল যথাসময়ে আয়োজন নিয়ে আলোচনা করবে বিসিবি
শেয়ার করুন

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু করার কথা। তবে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতি বিবেচনায় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো সময়মত বিপিএল আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা, তবে তা নিয়ে শনিবার একটি সভা করতে যাচ্ছে তারা।

বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, “আমরা ২৬ তারিখেই খেলা শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আগামীকাল আমরা একটি সভায় বসতে যাচ্ছি, তবে এই মুহূর্তে টুর্নামেন্ট থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।”

বিসিবি শুরুতে ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বিপিএল গভর্নিং কাউন্সিল বড় জনসমাগম হয় এমন কোনো প্রাক-ইভেন্ট বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।”

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। হাদির সমর্থক ও ইসলামি ছাত্র শিবিরের সদস্যরা দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা চালায়।

এই হামলায় নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ ও সেনাবাহিনী। অন্তর্বতী সরকার এই ঘটনার ১৬ ঘন্টা পর বিবৃতি দিয়ে দায় সেরেছে। এমন অবস্থায় বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে আসতে কতটা ভরসা পাবে তা গভীর চিন্তার বিষয়।

বিপিএল শুরু হতে ঠিক এক সপ্তাহ বাকি থাকতে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে দলগুলোর সিলেটে সমবেত হওয়ার কথা রয়েছে।

Visited 15 times, 1 visit(s) today