‘আওয়ামী লীগ-ভারতের বাইরে বিএনপিও জড়িত থাকতে পারে’, হাদীকে গুলি প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ

‘আওয়ামী লীগ-ভারতের বাইরে বিএনপিও জড়িত থাকতে পারে’, হাদীকে গুলি প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ওসমান হাদীকে গুলির ঘটনায় আওয়ামী লীগ ও ভারতের পাশাপাশি বিএনপির সংশ্লিষ্টতাও থাকতে পারে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ।

আজ ১৮ই ডিসেম্বর, বৃহস্পতিবার তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন।

শফিকুল ইসলাম মাসুদ- যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। যিনি প্রকাশ্যে সদম্ভে বলেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলেই শিবিরের কাছে যে পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে, তা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঠেকিয়ে দেওয়া যাবে। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা।

স্ট্যাটাসে মাসুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় তারেক রহমান দেশে না আসায় নানা প্রশ্ন উঠেছিল। সে সময় তারেক রহমান বলেছিলেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, বরং একাধিক বিষয়ের ওপর নির্ভরশীল। তিনি প্রশ্ন তোলেন, সেই বিষয়গুলোর সঙ্গে ভারত ও আওয়ামী লীগ জড়িত ছিল কি না।

তিনি আরও বলেন, যেদিন দুপুরে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে জাতি শোকাহত, সেদিন রাতেই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসে। তার মতে, এ ঘটনাকে কাকতালীয় বলা হলেও এটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

মাসুদ তার বক্তব্যের পক্ষে কয়েকটি বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, হাদীর বিপরীতে ঢাকার নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা আব্বাস। গুলির ঘটনায় গ্রেপ্তার ফয়সাল এর আগে অস্ত্রসহ আটক হন। জামিন অযোগ্য মামলার আসামিকে মুক্ত করতে বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক কায়সার কামাল ও ছাত্রদলের সাবেক নেতা মাহফুজুর রহমান ভূমিকা রাখেন বলে মন্তব্য করেন মাসুদ।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হাদীকে গুলির রাতেই তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেন। এ ছাড়া ইনকিলাব মঞ্চের ডাকে হাদীকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও বিএনপির কেউ উপস্থিত ছিলেন না।

তিনি আরও বলেন, হাদীকে নিয়ে ছাত্র সংগঠনগুলোর যৌথ প্রতিবাদ বিবৃতিতে ছাত্রদলের স্বাক্ষর ছিল না। ঘটনার পর বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে প্রচার করেন যে, সহানুভূতি আদায়ের জন্য হাদী নিজেই ঘটনাটি সাজিয়েছেন।

স্ট্যাটাসে মাসুদ বলেন, হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় শুধু আওয়ামী লীগ ও ভারত নয়, বিএনপির সংশ্লিষ্টতাও থাকতে পারে। তার দাবি, হাদীর রক্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফেরার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে সুবিধা পেয়েছেন।

Visited 99 times, 1 visit(s) today