‘নিষ্ঠাবান সমর্থকদের’ জন্য বিশ্বকাপ ৬০ ডলারের টিকিট রাখবে ফিফা

‘নিষ্ঠাবান সমর্থকদের’ জন্য বিশ্বকাপ ৬০ ডলারের টিকিট রাখবে ফিফা
শেয়ার করুন

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে ছিলো ফিফা। এই অবস্থায় মঙ্গলবার তুলনামূলক সস্তা একটি টিকিট শ্রেণি চালুর ঘোষণা দিয়েছে বিশ্বকাপ আয়োজকরা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানায়, তারা ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নামে নতুন একটি টিকিট চালু করেছে, যার মূল্য প্রতি টিকিট ৬০ মার্কিন ডলার। এই টিকিট বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচের জন্যই প্রযোজ্য হবে, ফাইনাল ম্যাচও এর অন্তর্ভুক্ত।

ফিফা জানায়, এই পরিকল্পনাটি “টুর্নামেন্টজুড়ে নিজ নিজ জাতীয় দলকে অনুসরণ করে ভ্রমণ করা সমর্থকদের আরও বেশি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে” নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ৬০ ডলারের (৫১ ইউরো) এসব টিকিট কেবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলের সমর্থকদের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ মোট টিকিটের ১০ শতাংশ এই শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

গত সপ্তাহে সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) টিকিটের দামকে “অতিরিক্ত চড়া” ও “আকাশচুম্বী” বলে আখ্যা দেয়।

এফএসই জানায়, ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবারের টিকিটের দাম প্রায় পাঁচ গুণ বেশি।

সংগঠনটি আরও বলে, “যদি কোনো সমর্থক প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত নিজের দলকে অনুসরণ করতে চান, তাহলে তাঁর খরচ কমপক্ষে ৬,৯০০ ডলার হবে।”

এফএসই যোগ করে, ২০১৮ সালে প্রকাশিত দরপত্র নথিতে বিশ্বকাপ আয়োজকেরা ২১ ডলার থেকে টিকিটের দাম শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

মঙ্গলবার ৬০ ডলারের টিকিট ঘোষণা করতে গিয়ে ফিফা জানায়, জাতীয় ফেডারেশনগুলোকে অনুরোধ করা হয়েছে যেন এই টিকিটগুলো “নিজ নিজ জাতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ও নিষ্ঠাবান সমর্থকদের জন্যই নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়।”

ফিফা আরও জানায়, নকআউট পর্বের ম্যাচের টিকিট কেনার পর যদি কোনো সমর্থকের দল আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তাহলে টিকিট ফেরত দেওয়ার সময় তাঁদের কাছ থেকে কোনো প্রশাসনিক ফি নেওয়া হবে না।

সংস্থাটি জানায়, “টিকিটের জন্য বৈশ্বিক পর্যায়ে অভূতপূর্ব চাহিদার মধ্যেই” এই ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে ইতিমধ্যে প্রায় ২ কোটি টিকিটের আবেদন জমা পড়েছে।

প্রথম ধাপের বিক্রিতে সব দামের টিকিটের ড্র অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ১৩ জানুয়ারি।

Visited 14 times, 1 visit(s) today