ফিফার বর্ষসেরা দেম্বেলে ও বনমাতি

ফিফার বর্ষসেরা দেম্বেলে ও বনমাতি
শেয়ার করুন

প্যারিস সেন্ট জার্মেইন ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে মঙ্গলবার দোহায় ২০২৫ সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

ইন্টার মিলানকে ফাইনালে ৫–০ গোলে হারিয়ে পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে ডেম্বেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেম্বেলে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৫ গোল করেন, যার মধ্যে লিগ ওয়ানে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন।

২৮ বছর বয়সী দেম্বেলে, যিনি চলতি বছরের সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জিতেছিলেন, সেই পিএসজি দলের অংশ ছিলেন যারা ঘরোয়া প্রতিযোগিতায়ও দাপট দেখিয়ে সব শিরোপা জয় করে এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছায়।

চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত বোনমাতি এ বছর টানা তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অরও জিতেছেন। তাঁর সহায়তায় বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জয় করে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায়।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালেও নেতৃত্ব দেন, যেখানে টাইব্রেকারে ইংল্যান্ডের কাছে হার মানে স্পেন। ওই টুর্নামেন্টে বোনমাতিকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও নির্বাচিত করা হয়।

ইংল্যান্ডকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে নেতৃত্ব দেওয়ায় সারিনা উইগম্যান পঞ্চমবারের মতো সেরা নারী কোচের পুরস্কার জিতেছেন। আর পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য সেরা পুরুষ কোচের স্বীকৃতি পেয়েছেন লুইস এনরিকে।

নারী বিভাগের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড ও চেলসির হান্না হ্যাম্পটন। ইউরো ২০২৫-এ টাইব্রেকারে তাঁর অসাধারণ সেভ ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে; পাশাপাশি ক্লাব পর্যায়ে তিনি ঘরোয়া ট্রেবলও জিতেছেন।

পুরুষ বিভাগের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। পিএসজির ট্রেবল জয়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

নারী ফুটবলে সেরা গোলের জন্য ফিফা মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন মেক্সিকোর লিজবেথ ওভালে। গত মার্চে গুয়াদালাহারার বিপক্ষে টাইগ্রেসের হয়ে করা তাঁর স্করপিয়ন কিক গোলটি এই স্বীকৃতি পায়।

পুরুষ বিভাগের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মন্তিয়েল। মে মাসে আর্জেন্টাইন প্রিমেরা ম্যাচে ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে করা তাঁর ওভারহেড কিক গোলটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

Visited 19 times, 1 visit(s) today