টিভি নাটক পরিচালক এস এম কামরুজ্জামান সাগর ৫ দিন ধরে নিখোঁজ

টিভি নাটক পরিচালক এস এম কামরুজ্জামান সাগর ৫ দিন ধরে নিখোঁজ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫: জনপ্রিয় টেলিভিশন নাট্য পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবার ও সহকর্মীরা এ খবর নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজ বাসভবনের সামনে তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যরা জানান, সাগরের এমন হঠাত নিখোঁজ হওয়া সম্পূর্ণ অস্বাভাবিক। তারা তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা পালন করছিলেন। বিশেষ করে গত জুলাই আন্দোলনের সময় কিছু সেলিব্রেটির মাঝে আমেরিকান ডলার বিতরণের বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলে জানা যায়। এছাড়া ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারের পর থেকে তিনি বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকির শিকার হয়েছিলেন বলে তার পরিবার ও সহকর্মীরা অভিযোগ করেছেন।
তবে এখনো তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবার ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে এবং সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া শুরু করেছে। তারা এস এম কামরুজ্জামান সাগরের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সবার কাছে আকুল আবেদন—
যদি কেউ এস এম কামরুজ্জামান সাগরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, দয়া করে নিকটস্থ থানায় বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।
এ ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বমহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
Visited 48 times, 1 visit(s) today