স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
আজ ৮ই ডিসেম্বর, সোমবার সকালে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে অফিসকক্ষ ভাঙচুর ও জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। এ সময় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
হাসপাতাল সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসিটিভি ডিভিআরসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও সেবার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠে। এতে নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকালে এসে দেখি অফিসের জানালার গ্রিল কাটা এবং ভেতরের সবকিছু ওলট-পালট। অনেক মূল্যবান মালামাল পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
ফিল্ড অফিসার সানি দাশ জানান, অফিসটিতে প্রতিদিন বহু পশুপালক সেবা নিতে আসেন। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও নথিপত্র চুরি যাওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।
ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, চুরি হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
